মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে বিকেল ৫টা ১২ মিনিটে বিদিশা সিদ্দিকীকে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, বিদিশা সিদ্দিকীর জামিন সংক্রান্ত সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী তাকে বিকেল ৫টা ১২ মিনিটে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্ল্যাট কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন মিরপুর-১০ এলাকার স্যানিটারি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ী মোশাররফ হোসেন।

অভিযোগে বলা হয়, ২০০১ সালে বারিধারায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে বিদিশা সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেন মোশাররফ হোসেন। পরে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির বিষয়ে তাদের মধ্যে ৮০ লাখ টাকার চুক্তি হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে বিদিশা সিদ্দিকীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় বিদিশা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ২৬ আগস্ট তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর উচ্চ আদালতে জামিনের আবেদন করেন বিদিশা সিদ্দিকী। শুনানি শেষে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। সেই জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank