সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় মাসেই ভাঙল ‘স্থায়ী’ বাঁধ, পদ্মাপাড়ে ফের আতঙ্ক

মো. মানিক মিয়া, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম
পদ্মাপাড়
expand
পদ্মাপাড়
  • ৫২৭ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন!
  • ঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা।
  • ৯ দশমিক ১০ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প এটি।
  • ২০২১-২০২৫ সালে কাজের মেয়াদকাল শেষ হলেও পূণরায় মেয়াদকাল বাড়ানো হয়েছে।

দীর্ঘদিনের ভাঙন আতঙ্ক কাটাতে পদ্মার তীরে নির্মাণ করা হয়েছিল স্থায়ী নদী রক্ষা বাঁধ। বাঁধ নির্মাণের পর স্বপ্ন দেখেছিলেন নদীপাড়ের মানুষ এবার হয়তো আর হারাতে হবে না বসতভিটা, রক্ষা পাবে শেষ সম্বল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যেতে শুরু করেছে মাত্র দেড় মাসের মধ্যেই। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে নির্মিত নদী তীর রক্ষা বাঁধের একটি অংশ পদ্মার প্রবল স্রোতে ধসে পড়েছে। বাঁধের সিসি ব্লক একের পর এক সরে গিয়ে নদীগর্ভে বিলীন হওয়ায় নতুন করে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। ক্ষতিগ্রস্ত অংশের আশপাশে বসবাসকারী পরিবারগুলো রাত কাটাচ্ছেন উৎকণ্ঠায়। অনেকেই নিরাপত্তার কথা চিন্তা করে ঘরের মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।

স্থানীয়রা আক্ষেপ নিয়ে জানান, যে বাঁধকে ‘স্থায়ী সমাধান’ হিসেবে দেখানো হয়েছিল, সেটি নির্মাণের এত অল্প সময়ের মধ্যেই কেন এমন দুর্বল হয়ে পড়ল?

প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম জানান, গত রবিবার বিকেলে গাঁওদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাঁওদিয়া বাজারের পশ্চিম পাশে নদী তীর রক্ষা বাঁধে হঠাৎ ধস দেখা দেয়। প্রথমে কয়েকটি সিসি ব্লক সরে গেলেও পরে দ্রুত বড় অংশ ক্ষতিগ্রস্ত হতে থাকে। কোনো ধরনের বড় শব্দ বা পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধের ব্লকগুলো পদ্মার স্রোতে তলিয়ে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর কাছাকাছি বসবাসকারী পরিবারগুলো ভয়ে ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিতে থাকেন।

স্থানীয় বাসিন্দা মো. সাগর বলেন, বিকেলে হঠাৎ দেখি বাঁধের ব্লক ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। রাতে আমরা আতঙ্কে ঘরের জিনিসপত্র সরিয়ে নিয়েছি। এখন বুঝতে পারছি না, কোথায় থাকব। পদ্মার ভাঙনে লৌহজংয়ের এই অঞ্চলের মানুষ বহুবার সর্বস্ব হারিয়েছেন। নদীর আগ্রাসনে বসতভিটা হারিয়ে নতুন জায়গায় আশ্রয় নেওয়া অনেক পরিবারের কাছে এই বাঁধ ছিল নিরাপত্তার শেষ ভরসা।

আব্দুল লতিফ খান বলেন, ৩০ বছর আগে পদ্মার ভাঙনে সব হারিয়েছি। বাঁধ হওয়ার পর মনে হয়েছিল এবার শান্তিতে ঘুমাতে পারব। কিন্তু দেড় মাসের মধ্যেই যদি বাঁধের এই অবস্থা হয়, তাহলে আমরা যাব কোথায়? রিতা রাণী দে বলেন, বাঁধ দেখে মনে হয়েছিল আর ভয় থাকবে না। এখন আবার মনে হচ্ছে সব হারানোর সময় এসেছে। মনির চন্দ্র দে বলেন, আগে অনেক জায়গা-জমি নদীতে গেছে। এখানে এসে ভেবেছিলাম অন্তত থাকার জায়গাটা থাকবে। এখন সেই জায়গাটাও ঝুঁকিতে পড়েছে।

স্থায়ী বাঁধে এত দ্রুত ধস নামায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, নির্মাণকাজে কোনো ধরনের দুর্বলতা বা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তারা বলছেন, বর্ষা মৌসুমের শুরুতেই যদি বাঁধের এই অবস্থা হয়, তাহলে সামনে নদীর পানি ও স্রোত আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

স্থানীয়দের দাবি, শুধু জরুরি ভিত্তিতে ব্লক বসালেই হবে না; বাঁধের নকশা, নির্মাণ কাজের মান এবং ব্যবহৃত উপকরণের গুণগত বিষয়ও যাচাই করতে হবে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে গাঁওদিয়া বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীর ঝুঁকিতে পড়তে পারে।

ঘটনার পর আজ (১৩ জুলাই) সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা উপস্থিত হয়ে ফাটল স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন, এখন ভয়ের কোনো কারণ নেই। খবর পাওয়ার পর থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

উল্লেখ্য, পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পটি অক্টোবর ২০২১ সাল থেকে সেপ্টেম্বর ২০২৫ মেয়াদকাল থাকলেও পরবর্তীতে মেয়াদকাল বাড়ানো হয়েছে। ৫২৭ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দে ৯ দশমিক ১০ কিলোমিটার নদীর তীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ কাজের ধীরগতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup