মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আধা ঘন্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বৈরী আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকাল ৫ টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

একই সময়ে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

এর আগে বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এই নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া, কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় পারাপার শুরু করা হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম বলেন, কালবৈশাখীর ঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আবার নিয়মিত পারাপার চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন