শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আইএসআই-সংশ্লিষ্ট অভিযোগে মুখ খুলল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১১:৪৫ পিএম আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১২:১১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-কে বাংলাদেশে অবাধ সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে তার এই অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি জানান, তিনি ব্যক্তিগতভাবে জয়ের বক্তব্য দেখেননি। তবে বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা নিয়ে যেকোনো ধরনের ইঙ্গিত তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, আইএসআই নিয়ে ভারতের ভীতি সম্ভবত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

তবে তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা ও বর্তমান বাংলাদেশ সরকারের মধ্যকার রাজনৈতিক বিরোধ নিয়ে পাকিস্তান কোনো মন্তব্য করবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকাই পাকিস্তানের নীতি বলে উল্লেখ করেন তিনি।

তাহির আন্দ্রাবির কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনা ও তার ছেলের পাকিস্তান-সংক্রান্ত মন্তব্যের পর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কোনো কূটনৈতিক যোগাযোগ হয়েছে কি না।

জবাবে আন্দ্রাবি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তা কোনো নির্দিষ্ট ঘটনা বা বক্তব্যের সঙ্গে সম্পর্কিত নয়।

মুখপাত্র বলেন, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। হস্তক্ষেপ না করার পাকিস্তানের নীতির পুনরুল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য বা তা ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামাবাদের কোনো মন্তব্য নেই।

তিনি আরও বলেন, যেহেতু ওই বক্তব্য ভারত থেকে দেওয়া হয়েছে, তাই বিষয়টি মূলত বাংলাদেশ ও ভারতের ব্যাপার।

মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের জনগণ বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম।

তিনি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের প্রতি পাকিস্তানের শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ইসলামাবাদ বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধিকে সমর্থন জানিয়ে যাবে।

সূত্র : দ্য কারেন্ট ও বিবিসি বাংলা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন