মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
expand
ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

মাদারীপুরে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ৭ হাজার ৪২ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ২ হাজার ৮০ টাকা এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত শনিবার দিবাগত রাত দেড়টার সময় মাদারীপুর পৌর এলাকার চরমুগুরিয়া সংলগ্ন চরখাগদি গ্রামের আকতার তালুকদারের বাড়িতে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট রাশেদ।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত আকতার তালুকদার দীর্ঘ দিন ধরে চরমুগুরিয়াসহ আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন। নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে আকতারের বাড়িটি ঘেরাও করে যৌথ বাহিনী। প্রায় সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ তল্লাশিতে বসতঘরের স্টিলের আলমারি ও বাড়ির ছাদসহ বিভিন্ন কৌশলগত স্থান থেকে ৭ হাজার ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির নগদ অর্থ ও ব্যবহৃত ১০টি মোবাইল ফোনের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ড ও মানিব্যাগ জব্দ করা হয়।

অভিযান চলাকালে প্রধান অভিযুক্ত আকতার তালুকদার এবং তার দুই সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন—একই এলাকার মৃত মোদারেস খানের ছেলে মো. সোহাগ (২৭) ও মৃত মান্নান বেপারির ছেলে মো. ইমন বেপারি (২৯)।

সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

আটককৃতরা সংঘবদ্ধভাবে এলাকায় মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আসামিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X