বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসু কোম্পানিকে পিটিয়ে আহত
expand
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসু কোম্পানিকে পিটিয়ে আহত

লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসু কোম্পানিকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকানো হয়। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় বিকেবি ব্রিকসে এ ঘটনা ঘটে।

আহত বসু কোম্পানী বিকেবি ব্রিকস ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা।

অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের বাসিন্দা এবং যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তার রাজনৈতিক পদ–পদবি জানা যায়নি।

বসু কোম্পানি ও তার ছেলে ইসমাইল খান সুজন জানান, বসু কোম্পানি ঠিকাদারি ও ব্যবসার সঙ্গে জড়িত। তার বাজারে দোকান ও ব্রিকস ফিল্ডের ব্যবসা রয়েছে। ব্যবসা পরিচালনার সময় প্রায়ই বাহার তার কাছ থেকে চাঁদা নিত। মটবী এলাকায় বসু কোম্পানির প্রায় ১ কোটি টাকার একটি রাস্তার কাজ চলমান। সেখান থেকে বাহার ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু বসু কোম্পানি টাকা দিতে রাজি না হওয়ায় ঘটনার সময় অনুসারীদের নিয়ে বসু কোম্পানির ইটভাটায় যায়। সেখানে বসু কোম্পানির মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এসময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে পিস্তল ঠেকিয়েছে বলেও অভিযোগ ওঠে। পরে তারা সেখান থেকে চলে যায়। আহত অবস্থায় বসু কোম্পানিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদ বলেন, “বাহার চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী। সে মূলত আমাকে মারতে গিয়েছিল এবং আমাকে অস্ত্র ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাশার বসু কোম্পানিকে মারধর করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে।”

এ বিষয়ে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, “আহতের মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup