সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে দুই স্ত্রীকে নিয়ে মাদক ব্যবসা, অতঃপর ধরা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ এএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে এবং তার দুই স্ত্রীকে আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (১২ জুলাই) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম কানুদাসকাঠি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে দুই স্ত্রীকে তিন মাস করে এবং স্বামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পশ্চিম কানুদাসকাঠি গ্রামের মৃত সামছু সরদারের ছেলে মো. কালাম সরদার এবং তার দুই স্ত্রী মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালাম সরদার দীর্ঘদিন ধরে তার দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবার পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিপুল পরিমাণ উপকরণ এবং ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালতে অপরাধ স্বীকার করায় মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগমকে তিন মাস করে এবং মো. কালাম সরদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং রাজাপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup