

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ২৫ বছর ধরে নিখোঁজ থাকা নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচিত মুখ বুবি বেগম ওরফে ওয়াহিদা বেগমের সন্ধান পেলেন স্বজনেরা। তবে বহু প্রতীক্ষার পর তার কাছে পৌঁছাতে হলো কবরের সামনে দাঁড়িয়ে।
রোববার (১২ জুলাই) বিকেলে স্টেশনসংলগ্ন নুরপুর কবরস্থানে ওয়াহিদার কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। বগুড়ার গাবতলী থেকে মাইক্রোবাসে করে আসা তার পরিবারের ১৩ সদস্যের মধ্যে ছিলেন তিন বাক্প্রতিবন্ধী ভাইবোনও।
পরিবারের সদস্যদের ভাষ্য, বগুড়ার গাবতলী উপজেলার ঘোন সাগাটিয়া গ্রামের বাসিন্দা ওয়াহিদা প্রায় আড়াই দশক আগে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান। স্বামী ও একমাত্র সন্তানকে হারানোর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। এরপর মেথিকান্দা রেলওয়ে স্টেশনই হয়ে ওঠে তার আশ্রয়স্থল।
স্থানীয়দের কাছে তিনি পরিচিত ছিলেন পরিশ্রমী ও নিঃস্বার্থ এক নারী হিসেবে। কোনো বেতন ছাড়াই বছরের পর বছর স্টেশনের প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কার করতেন তিনি। স্থানীয় মানুষের দেওয়া সামান্য অর্থও তিনি জমিয়ে রাখতেন।
তবে সেই জমানো অর্থই শেষ পর্যন্ত তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় বলে অভিযোগ উঠেছে। গত ৪ জুলাই রাতে কয়েকজন দুর্বৃত্ত তার কক্ষে ঢুকে টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিন দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে ওয়াহিদার পরিবারের সদস্যরা নরসিংদীতে ছুটে আসেন। তারা জানান, পরিবারের অনেক সদস্যই বাক্প্রতিবন্ধী হওয়ায় এবং দীর্ঘদিন কোনো সন্ধান না পাওয়ায় একসময় তাঁরা আশা ছেড়ে দিয়েছিলেন।
ওয়াহিদার ছোট বোনের জামাতা সৈকত ইসলাম বলেন, তার শাশুড়ির কোনো সঞ্চিত অর্থ থাকলে সেটি পরিবারের প্রয়োজন নেই। সেই অর্থ যেন স্থানীয় এতিমখানা বা মসজিদে দান করে দেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর অন্তত তার কবর জিয়ারত করতে পারাটাই পরিবারের জন্য বড় পাওয়া।
