শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
অবৈধ বালু উত্তোলন

সংবাদ প্রকাশের ৬ ঘণ্টার মধ্যেই অভিযান, ২ ড্রেজার ধ্বংস

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে।
expand
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে।

হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা এলাকায় অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ বিষয়ে “এনপিবি নিউজ” এ একটি সংবাদ প্রকাশের মাত্র ৬ ঘণ্টার মধ্যেই প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ২৭ মার্চ সকাল ৯টার দিকে “বাহুবলে সিলিকা বালু লুটের মহোৎসব, এলাকাবাসীর ক্ষোভ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বিকাল প্রায় ৩টার দিকে হরিতলা এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাহাড় কেটে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছিল। অভিযোগ রয়েছে, এ কাজে আব্দুল খালেক, তার ছেলে নবীন, স্থানীয় মোশাহিদ মিয়া এবং তার স্ত্রী সেলিনা বেগম জড়িত।

অভিযান চলাকালে খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, অবৈধ বালু পরিবহনের জন্য রাতে গোপনে একটি বিশেষ রুট ব্যবহার করা হতো। স্থানীয় মোশাহিদ মিয়া ও তার স্ত্রী সেলিনা বেগমের বাড়ির উঠোন দিয়ে ট্রাক্টর চলাচলের পথ তৈরি করা হয়। দিনে ওই স্থানটি লাল পর্দা দিয়ে ঢেকে রাখা হতো, যাতে বাইরে থেকে কেউ বিষয়টি বুঝতে না পারে। আর রাতের অন্ধকারে সেই পথ দিয়েই অবৈধভাবে বালু ও মাটি পাচার করা হতো।

এদিকে, অবৈধ বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চক্রটি বেপরোয়া হয়ে ওঠে। তবে সাম্প্রতিক অভিযানে তারা আশাবাদী হয়েছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন