সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রেন–বাস সংঘর্ষ: গেটম্যান, স্টেশনমাস্টারসহ একাধিক পক্ষের অবহেলা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৫:২৪ এএম
কুমিল্লায় দুর্ঘটনা কবলিত সেই বাস ।। ফাইল ছবি
expand
কুমিল্লায় দুর্ঘটনা কবলিত সেই বাস ।। ফাইল ছবি

কুমিল্লায় ট্রেন–বাস সংঘর্ষে ১২ জন নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি একাধিক পক্ষের অবহেলার বিষয়টি চিহ্নিত করেছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এ তথ্য জানান কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়েছে, নগরীর পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের চারজন গেটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যান, লালমাইয়ের স্টেশনমাস্টার, দুর্ঘটনাকবলিত ট্রেনের দুই লোকোমাস্টার, সড়ক বিভাগের নির্মাণকাজ এবং বাসচালকের দায়িত্বে অবহেলা ছিল। এসব কারণ সম্মিলিতভাবে দুর্ঘটনার জন্য দায়ী বলে প্রতীয়মান হয়েছে।

তদন্ত কমিটি জানায়, অন্তত ছয়টি ক্ষেত্রে নিয়মভঙ্গ বা ব্যত্যয় পাওয়া গেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আটটি সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।

মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ‘স্টেশনমাস্টার ও গেটম্যানদের মোবাইল কল লিস্ট যাচাই করা হয়েছে। লোকোমাস্টার চাইলে সড়কের সিগন্যাল দেখে ট্রেনের গতি কমাতে পারতেন। অন্যদিকে বাসচালক রেলের ওভারপাস ব্যবহার না করে নিচ দিয়ে গাড়ি চালিয়েছেন। তাই সবার অবহেলার বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।’

তিনি জানান, তদন্তে ২৪ জন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়েছে।

গত ২১ মার্চ ঈদুল ফিতরের দিন গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। দুর্ঘটনার পর এক বাসযাত্রীর দায়ের করা মামলায় এ পর্যন্ত তিনজন গেটম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন