বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জামায়াত, এবি পার্টিসহ ৫ দলের ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
বরিশালে ৫ দলের ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
expand
বরিশালে ৫ দলের ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে বড় ধরনের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাতজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীদের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সীমার মধ্যেই ছয়টি সংসদীয় আসন থেকে মোট সাতজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বরিশাল সদর-৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল তার মনোনয়ন প্রত্যাহার করেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থনের ঘোষণা দেন।

এছাড়া বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী মো. তারিকুল ইসলাম এবং খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ান। বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এছাড়া বরিশাল সদর-৫ আসন থেকে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মো. তারিকুল ইসলাম এবং খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম মাহাবুব আলমও মনোনয়ন প্রত্যাহার করেন। বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ খায়রুল আলম সুমন বলেন, “প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যেই সব আবেদন গ্রহণ করা হয়েছে। প্রত্যাহারের পর সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থীতালিকা চূড়ান্তভাবে হালনাগাদ করা হয়েছে।”

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের ছয়টি আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে পাঁচটি আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X