

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে বিস্কুট, চিড়া, মুড়ি, টোস্টসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার বিতরণ করেন উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
জানা গেছে, টানা কয়েক দিনের ভারী বর্ষণে হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তমরদ্দি ইউনিয়নের বলিরপোল ও চরকিং ইউনিয়নের চরবগুলা এলাকার তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে এখনো জলাবদ্ধতা রয়েছে। নিম্নাঞ্চলের বহু মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্য সহায়তা পাওয়ায় দুর্গত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব হচ্ছে।
খাদ্য সহায়তা পাওয়া কয়েকজন উপকারভোগী বলেন, কয়েক দিন ধরে বাড়ির চারপাশে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। অনেক পরিবার রান্না করতে পারছে না। এমন পরিস্থিতিতে শুকনা খাবার পেয়ে তারা উপকৃত হয়েছেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, “দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের পরামর্শে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে শুকনা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না, রান্নাও করতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবদুল হালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।