

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রিপন মৃধা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে।
আটক রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়ালা ডাকঘরের টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬১৫ টাকাও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মৃধা স্বীকার করেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।
বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। এছাড়া জব্দ করা মোবাইল ফোনের মূল্য ১৭ হাজার টাকা। নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।
ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান ও পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”