

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্মম হামলার শিকার উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫) মারা গেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তিনটার দিকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে।
সোমবার রাতে জেলার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে তাকে উপুর্যুপরি কুপিয়ে রক্তান্ত জখম করে একই ইউনিয়নের নোয়ামুড়া গ্রামের আলী হোসেন । ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকায় শ্যামলী এলাকায় একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে অভিযুক্ত আলী হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। এছাড়া অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে আনুমানিক ৭/৮ লাখ টাকা লোনও নিয়ে ছিলেন বলে জানা যায়। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ কিংবা লোন সংক্রান্ত বিষয় নিয়ে এই হামলা বা হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুঁটে যায়। গতকাল সোমবার রাত থেকেই পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পূর্ব বিরোধ ও আলী হোসেনের উত্তরা ব্যাংক থেকে লোন নেয়ার বিষয়টি সামনে রেখে তদন্তকাজ চলছে। পলাতক ওই ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।