বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ গুরুত্বপূর্ণ বিদেশি মিশন বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে পাঁচটি বিদেশি মিশন বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে জাপান, কানাডা ও ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ কনস্যুলেটও রয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত সপ্তাহের শেষ দিকে কংগ্রেসের কয়েকটি কমিটিকে এ বিষয়ে অবহিত করেছে। তবে বিষয়টি এখনো প্রকাশ করা হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র গ্রেনাডার সেন্ট জর্জেসে অবস্থিত মিশন, জাপানের নাগোয়া, ইন্দোনেশিয়ার মেদান, কানাডার উইনিপেগ কনস্যুলেট এবং ক্যামেরুনের দোয়ালা শাখা কার্যালয় বন্ধ করবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের একসঙ্গে একাধিক মিশন বন্ধের ঘটনা বিরল।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত বছরও প্রায় এক ডজন বিদেশি মিশন বন্ধের প্রস্তুতি নিয়েছিল। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি ব্যয় কমানো ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয় বলে সে সময় জানিয়েছিল সংশ্লিষ্ট সূত্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সরাসরি মিশন বন্ধের বিষয়টি নিশ্চিত করেনি। তবে এক বিবৃতিতে জানিয়েছে, দেশের কূটনৈতিক কার্যক্রমকে আরও কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী করার দিকে তারা গুরুত্ব দিচ্ছে এবং এ ধরনের সিদ্ধান্তে কংগ্রেসের সঙ্গে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কনস্যুলেটগুলো সাধারণত রাজধানীর বাইরে বিভিন্ন অঞ্চলে দেশটির নাগরিক ও স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন