মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল ভ্যান্সের সফর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা আপাতত হচ্ছে না। শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে এ বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আলোচনা স্থগিত হওয়ার পাশাপাশি বাতিল করা হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত সফরও। এতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠকটি আপাতত না হলেও শান্তি প্রক্রিয়াকে সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে। আলোচনার সম্ভাব্য আয়োজন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও চালিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে তেহরান জানিয়েছিল, বিদ্যমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলে তারা কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিতে প্রস্তুত।

গত বৃহস্পতিবার দুই দেশের প্রেসিডেন্ট একটি সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষর করেন। এরপর সুইজারল্যান্ডের জেনেভায় চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর কথা ছিল। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয় স্থান পাওয়ার কথা ছিল। প্রথম দিনেই অংশ নেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন