বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করলেন বাংলাদেশি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পবেলটাউনের একটি বাড়িতে নারী ও দুই শিশুর মৃত্যুর ঘটনায় ৪৭ বছর বয়সী মো. শোমন আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৮ মে) রাত ৮টার কিছু আগে রেমন্ড অ্যাভিনিউয়ের একটি বাড়ি থেকে জরুরি নম্বরে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে ৪৬ বছর বয়সী এক নারী এবং চার ও ১২ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন শোমন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ওই দিনের সকাল থেকে রাতের মধ্যে (প্রায় সকাল ৯টা থেকে রাত ৭টা ৫৫ মিনিট) ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে মঙ্গলবার ক্যাম্পবেলটাউন লোকাল কোর্টে সংক্ষিপ্তভাবে হাজির করার কথা থাকলেও তিনি আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেয় এবং আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে।

অভিযুক্তের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেল মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সূত্র বলছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। পরিবারটি এলাকায় তুলনামূলকভাবে নিভৃত জীবনযাপন করত বলেও জানা গেছে।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, পরিবারটি খুব বেশি মিশুক ছিল না এবং নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকত। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিস্ময় ও শোক প্রকাশ করেছেন। কেউ কেউ জানিয়েছেন, কয়েক বছর আগে তাদের সঙ্গে সামান্য দেখা হলেও এরপর আর ঘনিষ্ঠ যোগাযোগ হয়নি।

তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনাস্থলটি ছিল অত্যন্ত সহিংস এবং বাড়ির ভিন্ন ভিন্ন অংশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে মৃত্যু ঘটেছে সে বিষয়ে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। পুলিশের মতে, নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এর আগে তাদের নজরে ছিলেন না এবং পারিবারিক সহিংসতার কোনো পূর্ব ইতিহাসও পাওয়া যায়নি।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফরেনসিক তদন্ত চলছে। কর্মকর্তারা বলছেন, এটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর একটি মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন