সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেকের বিধ্বংসী ইনিংস, ৯১ বলে করলেন ২৩৩ রান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় দলে টানা ব্যর্থতার কারণে যখন সমালোচনার মুখে পড়েছেন অভিষেক শর্মা, ঠিক তখনই ঘরোয়া ক্রিকেটে খেললেন চোখধাঁধানো এক ইনিংস। পাঞ্জাব আন্ত জেলা সিনিয়র ওয়ানডে টুর্নামেন্টে অমৃতসরের হয়ে ব্যাট হাতে মাত্র ৯১ বলেই ২৩৩ রান করে আবারও আলোচনায় উঠে এসেছেন ভারতের এই ওপেনার।

তারন তারনের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ২৫টি ছক্কার মার। এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে অমৃতসর।

অভিষেকের এই ইনিংসের স্কোরকার্ড ও বিভিন্ন মুহূর্তের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যেও তার এই ব্যাটিং নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই দুর্দান্ত ইনিংসটি এসেছে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না তিনি। চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি ব্যাটারদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এখন তিনি তিন নম্বরে নেমে গেছেন।

সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ১১ রান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে করেন ১৩১ রান এবং আয়ারল্যান্ড সিরিজের দুই ইনিংসে যোগ করেন ৪৯ রান। সব মিলিয়ে শেষ ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি অর্ধশতক।

শুধু রান নয়, আউট হওয়ার ধরন নিয়েও প্রশ্ন উঠেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচেই ব্লেসিং মুজারাবানির শিকার হন তিনি। প্রতিবারই অফ স্টাম্পের বাইরের বলে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে উইকেট হারান, যা তাঁর টেকনিক নিয়ে আলোচনার জন্ম দেয়।

তবে ঘরোয়া ক্রিকেটে এই দ্বিশতক অভিষেকের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় উপলক্ষ হতে পারে। জাতীয় দলে নিজের জায়গা আরও শক্ত করতে এমন পারফরম্যান্স তাঁর জন্য ইতিবাচক বার্তা হয়ে এল বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন