বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়াকে ‘হুমকি’ মনে করছে হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাশিয়াকে ‘হুমকি’ হিসেবে ঘোষণা করেছে হাঙ্গেরির নতুন সরকার। গত মে মাসে দায়িত্ব নেওয়া নতুন সরকার জাতিসংঘের সাধারণ পরিষদে হাঙ্গেরির অবস্থান তুলে ধরতে প্রস্তুত করা এক সরকারি নথিতে রাশিয়াকে হাঙ্গেরি, ইউরোপ ও বৈশ্বিক ব্যবস্থার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে প্রকাশিত হাঙ্গেরির সরকারি গেজেটে নথিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার এতে স্বাক্ষর করেছেন। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে হাঙ্গেরির প্রতিনিধিদলের জন্য নির্দেশনাও নির্ধারণ করা হয়েছে এতে।

নথিতে বলা হয়েছে, হাঙ্গেরি রাশিয়ার সামরিক আগ্রাসনের নিন্দা জানায় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিঃশর্ত সমর্থন করে। একই সঙ্গে আত্মরক্ষার জন্য ইউক্রেনের অধিকারও স্বীকার করে বুদাপেস্ট।

এতে আরও বলা হয়েছে, ‘রাশিয়ার আচরণ হাঙ্গেরি, ইউরোপ এবং বৈশ্বিক ব্যবস্থার জন্য হুমকি তৈরি করছে। একই সঙ্গে কার্পাথিয়ান অঞ্চলে বসবাসকারী হাঙ্গেরীয়রাও গুরুতর ঝুঁকির মধ্যে পড়ছে।’

তবে রাশিয়ার সমালোচনার পাশাপাশি নতুন সরকার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তার লক্ষ্যে আলোচনার উদ্যোগকে সমর্থনের কথাও জানিয়েছে।

রাশিয়াকে ‘হুমকি’ হিসেবে ঘোষণার এই অবস্থান সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের পররাষ্ট্রনীতির সঙ্গে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অরবানের নেতৃত্বাধীন সরকার মস্কোর সঙ্গে তুলনামূলক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করেছিল।

এর আগে মার্চে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরো বা প্রায় ১০৩ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজ আটকে দেওয়ার কারণে তৎকালীন প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের তীব্র সমালোচনা করেন। তারা অরবানের বিরুদ্ধে ইইউর ঐক্য ও বিশ্বাসযোগ্যতা দুর্বল করার অভিযোগও তুলেছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন