

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সোনা বন্ধক রেখে টাকা দেওয়ার ব্যবসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণের বোঝায় আর্থিক সংকটে পড়ে চাঁদপুর শহরের এস কে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাস স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
তবে বন্ধক রাখা সোনা ও টাকা ফেরত না পাওয়ায় ভুক্তভোগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় পিন্টু দাসের বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
তিনি জানান, পিন্টু দাসসহ তার পরিবারের চার সদস্য নিজ থেকেই আত্মগোপনে বা পালিয়ে গেছেন। বিষয়টি না জেনে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘নিখোঁজ’ হওয়ার খবর ছড়াচ্ছেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি।
আত্মগোপনে থাকা পরিবারের সদস্যরা হলেন পিন্টু দাস, তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম এবং ছোট ছেলে রুপম দাস। তাদের ব্যবহৃত মোবাইলফোনও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
পিন্টু দাসের আত্মীয় উপমা দে জানান, পিন্টু দাস স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে চাঁদপুর শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। বিভিন্ন কারণে তিনি ঋণগ্রস্ত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, পিন্টু দাস বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সোনা বন্ধক রেখে টাকা দেওয়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, সোনা বন্ধক নিয়ে টাকা দেওয়ার পর নির্ধারিত সময়ে তা ফেরত দিতে পারেননি তিনি। পাশাপাশি বিভিন্ন সমিতি থেকেও ব্যবসার জন্য ঋণ নেওয়ায় তিনি আর্থিক সংকটে পড়েন।
একাধিকবার ব্যবসাপ্রতিষ্ঠানের স্থান পরিবর্তনের পর সবশেষ শহরের কুমিল্লা সড়কের আখন্দ মার্কেটের নিচতলায় ‘এস কে শিল্পালয়’ নামে প্রতিষ্ঠান পরিচালনা করতেন পিন্টু দাস। অভিযোগ রয়েছে, সেখানে সোনার বাজারমূল্যের তুলনায় অনেক কম টাকা দিয়ে সোনা বন্ধক রাখা হতো।
রঘুনাথপুরের বাসিন্দা মনসুর খানের ছেলে রাসেল খান অভিযোগ করেন, তিনি পিন্টু দাসের কাছে আড়াই ভরি স্বর্ণালংকার ৫০ হাজার টাকায় বন্ধক রেখেছিলেন। পরে ৫০ হাজার টাকা ফেরত দিয়ে স্বর্ণালংকার নিতে গেলে পিন্টু দাস তাকে পরদিন আসতে বলেন। এরপর তিনি জানতে পারেন, পিন্টু দাস পরিবারের সদস্যদের নিয়ে বাসা ছেড়ে চলে গেছেন।
রাসেল খান জানান, সোনা ফেরত ও টাকা না পাওয়ায় তিনি সোমবার (২৪ আগস্ট) পিন্টু দাসের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ করেছেন।
এদিকে দক্ষিণ গুণরাজদীর বাসিন্দা জাহিদুল ইসলাম ১২ আনা এবং শুভঙ্কর মজুমদার ১০ আনা সোনা পিন্টু দাসের কাছে বন্ধক রাখার দাবি করেছেন। তারাও বন্ধক রাখা সোনা ফেরত পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


