

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফেনীর ক্রিকেটার ও চট্টগ্রাম বিভাগীয় দলের খেলোয়াড় মেহেদী হাসান হৃদয় ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) বেডে চিকিৎসা নিচ্ছেন তিনি।
এদিকে একমাত্র ছেলের সুস্থতার আশায় হাসপাতালেই দিন কাটাচ্ছেন হৃদয়ের বাবা আবুল কাশেম। ছেলের চিকিৎসা নিয়ে উদ্বেগের পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের দুলামিয়া হাজী বাড়ির বিএনপি নেতা আবুল কাশেমের একমাত্র ছেলে মেহেদী হাসান হৃদয় বিগত তিন মাস আগে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন হৃদয়ের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। হৃদয় ফেনী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
মেধাবী শিক্ষার্থী ও একমাত্র ছেলেকে বাঁচাতে তার বাবা আবুল কাশেম সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার তার শরীরে তৃতীয় ধাপে প্রথম কেমো দেওয়ার পর পুরো শরীরে ব্যথা ছড়িয়ে পড়ে।
হৃদয়ের বাবা আবুল কাশেম বলেন, ছেলে হৃদয় অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন চিকিৎসক দেখানোর পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত ছেলের চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। একমাত্র ছেলেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, ছেলের চিকিৎসার জন্য হাসপাতালেই থাকতে চাই। একমাত্র ছেলেকে বাঁচাতে আত্ময়ীস্বজন এবং ফেনীবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।
বিসিবির ফেনী জেলা কাউন্সিলর শরীফুল ইসলাম অপু বলেন, ক্যানসার আক্রান্ত ফেনীর বয়সভিত্তিক ক্রিকেটার মেহেদি হাসান হৃদয়ের পাশে দাঁড়িয়েছে জেলার ক্রিকেট খেলোয়াড়, সংগঠক ও ক্রিকেট সংশ্লিষ্টরা। এর আগে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি হৃদয়ের পাশে দাঁড়িয়েছিল। সর্বশেষ মুহূর্ত পর্যন্ত একজন অসুস্থ ক্রিকেটারের পাশে দাঁড়ানো ক্রিকেটার পরিবার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন বলেন, হৃদয় ফেনী জেলা দল ও চট্টগ্রাম বিভাগীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। শুধু তাই নয়, সে ছাত্র হিসেবেও খুবই মেধাবী। তার খেলাধুলাতেও বিশেষত্ব রয়েছে। খেলোয়াড় পরিবার ছাড়াও বিত্তশালীরা তাকে বাঁচাতে এগিয়ে আসা উচিত।


