বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র (কেভিএসি) চালু করতে যাচ্ছে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস।

ঢাকার কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারে আগামী ২ সেপ্টেম্বর থেকে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে।

দূতাবাস জানিয়েছে, কেভিএসি চালুর পর সাধারণ ভিসার আবেদন গ্রহণ ও পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম শুধু এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে। তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদন গ্রহণ এবং সংশ্লিষ্ট পাসপোর্ট বিতরণ আগের মতোই সরাসরি দূতাবাসে হবে।

নতুন ব্যবস্থায় কেভিএসির মাধ্যমে ভিসার আবেদন করতে আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার তারিখ ও পদ্ধতিসহ বিস্তারিত তথ্য আগামীকাল ২৭ আগস্ট বৃহস্পতিবার আলাদা বিজ্ঞপ্তিতে জানাবে দূতাবাস। তবে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের মতোই দূতাবাস থেকে দেওয়া হবে।

দূতাবাস জানিয়েছে, কেভিএসির আনুষ্ঠানিক উদ্বোধন, কার্যক্রমের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি, ভিসা আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি- সংক্রান্ত বিস্তারিত তথ্য পৃথকভাবে জানানো হবে। ভিসা আবেদনকারীদের এসব বিষয়ে দূতাবাসের পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করে সর্বশেষ তথ্য যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন