বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিতে হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিঘর গ্রামের বাসিন্দা আইয়ুব খান একই এলাকার জামাল মিয়ার কাছে জমিতে হালচাষ বাবদ কিছু টাকা পেতেন। বুধবার সকালে আইয়ুব পাওনা টাকা চাইতে গেলে জামাল মিয়ার সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি চরম আকার ধারণ করে এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে সরাইল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, হালচাষের পাওনা টাকাকে কেন্দ্র করেই মূল ঝামেলার সূত্রপাত। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন