বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে স্বর্ণের গয়না চুরি, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালে রোগীর স্বজনের ব্যাগ থেকে প্রায় ৪ লাখ রুপির গয়না ও নগদ টাকা উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। চোর ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, কোনো মানুষ নয় বরং একটি কুকুরই মুখে করে ব্যাগটি নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌরের জেলা হাসপাতালে। হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন ছেলেকে দেখতে এসেছিলেন কায়ামপুরের বাসিন্দা লতাবাই বাল্মিকী। তার সঙ্গে থাকা ব্যাগে ছিল সোনার ও রুপার বিভিন্ন গয়না এবং প্রায় ২ হাজার রুপি নগদ।

লতাবাইয়ের অভিযোগ, রোববার রাত ১টা থেকে সকাল ৬টার কোনো একসময় হাসপাতাল থেকে ব্যাগটি নিখোঁজ হয়। ব্যাগে ছিল রুপার কোমরবন্ধ, নূপুর, সোনার মঙ্গলসূত্র, দুটি সোনার আংটি, রুপার ঘুঙুর, সোনার পুঁতি, কানের দুল, নাকফুল ও রুপার আঙটি। সব মিলিয়ে গয়নার মূল্য প্রায় ৪ লাখ রুপি।

ব্যাগ খুঁজে না পেয়ে লতাবাই সিটি কোতোয়ালি থানায় অভিযোগ করেন। এরপর ব্যাগ উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ।

হাসপাতালের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে গিয়ে তদন্তকারীরা অদ্ভুত দৃশ্য দেখতে পান। ফুটেজে দেখা যায়, রাত প্রায় ৪টার দিকে একটি কুকুর সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকে পড়ে। এরপর মুখে করে লতাবাইয়ের ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায়।

পুলিশ হাসপাতালের অন্যান্য ক্যামেরার ফুটেজেও কুকুরটির গতিবিধি অনুসরণ করে। একপর্যায়ে হাসপাতাল চত্বরের একটি খোলা জায়গায় ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকেই ব্যাগটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ব্যাগের ভেতরের গয়না ও টাকা অক্ষত ছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যায় লতাবাইয়ের কাছে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুষ্পেন্দ্র সিং রাঠোর জানান, ব্যাগে বিস্কুট ও আরও কিছু খাবারও ছিল। খাবারের গন্ধ পেয়েই কুকুরটি ব্যাগটি মুখে করে নিয়ে যেতে পারে বলে ধারণা পুলিশের।

তিনি বলেন, সিসিটিভির মাধ্যমে কুকুরটির গতিবিধি অনুসরণ করে পুলিশ ব্যাগটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন