রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাবানলে পুড়ছে কানাডা, সরিয়ে নেওয়া হলো ২০ হাজার মানুষকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগুনে বাড়িঘর পুড়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) প্রদেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়। প্রদেশটিতে বর্তমানে ১০০টির বেশি দাবানল জ্বলছে। এর প্রায় অর্ধেকই এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রচণ্ড গরম, তীব্র বাতাস ও দীর্ঘস্থায়ী খরার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

প্রায় ১২ হাজার মানুষের বসবাসের সামারল্যান্ড শহরের পুরো জনপদই খালি করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পাশের পিচল্যান্ড ও এর আশপাশের এলাকা থেকে প্রায় ৮ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুনে ঠিক কতটি বাড়ি পুড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ব্রিটিশ কলাম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিসের দাবানল নিয়ন্ত্রণ কার্যক্রমের পরিচালক ক্লিফ চ্যাপম্যান জানান, সড়কপথে বের হতে না পারা মানুষদের উদ্ধারে অগ্নিনির্বাপণকারী হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সংস্থার সমন্বিত তৎপরতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়া থেকে রক্ষা পেয়েছে বলেও জানান তিনি।

প্রদেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কেলি গ্রিন বলেন, জরুরি অবস্থা জারির ফলে প্রাদেশিক সরকার অতিরিক্ত কিছু ক্ষমতা পেয়েছে। এর মধ্যে চলাচল সীমিত করা এবং আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা করার ক্ষমতাও রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় দাবানলের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। এসব দাবানলের কারণে বিভিন্ন সময়ে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে। দাবানলের ধোঁয়া কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাতেও ছড়িয়ে পড়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন