শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ১,৩০৬ বিদেশি কর্মীর পাস বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৬:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় অনিয়মের মাধ্যমে অনুমোদিত ১ হাজার ৩০৬টি অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। একই সঙ্গে এসব পাসধারী বিদেশি কর্মীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩১ জুলাই) মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এসপিআরএম) সদর দপ্তরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

তিনি বলেন, ইমিগ্রেশন বিভাগের মাইআইএমএমএস (MyIMMS) সিস্টেমে অনিয়মের মাধ্যমে যেসব কর্মী পাস অনুমোদন করা হয়েছে, সেগুলোর বিপরীতে সরকার কোনো রাজস্ব পায়নি। তাই এসব পাস অবিলম্বে বাতিল করা হবে।

জাকারিয়া শাবান জানান, পাস বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের অবস্থান শনাক্তে অভিযান চলছে। তারা বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ও বিভিন্ন খাতে কর্মরত থাকলেও তদন্তের স্বার্থে তাদের অবস্থান প্রকাশ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, ইমিগ্রেশন বিভাগের ভেতরের কিছু ব্যক্তির সহযোগিতা ছাড়া এ ধরনের জালিয়াতি সম্ভব ছিল না। অভিযুক্তরা বিশেষ ধরনের ইউএসবি ডিভাইস (ডংল) ও নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে প্রশাসনিক প্রবেশাধিকার কাজে লাগিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেন এবং সেগুলোর মাধ্যমে অবৈধভাবে কর্মী পাস অনুমোদন দেন বলে অভিযোগ রয়েছে।

ইমিগ্রেশন মহাপরিচালকের ভাষ্য, সাইবার সিকিউরিটি মালয়েশিয়ার ফরেনসিক তদন্তে এখন পর্যন্ত বাইরে থেকে সিস্টেম হ্যাক হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। বরং অনুমোদিত অভ্যন্তরীণ প্রবেশাধিকার ব্যবহার করেই অনিয়ম সংঘটিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো জানায়, সংঘবদ্ধ একটি চক্র ইমিগ্রেশন বিভাগের কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় মাইআইএমএমএস সিস্টেমে প্রবেশ করে অবৈধভাবে কর্মী পাস অনুমোদন দেয়। এ ঘটনায় বিশেষ ধরনের ডংল ব্যবহার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন