

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের সদরপুরে গভীর রাতে বাড়ি থেকে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ওই ছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের বাসিন্দা ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে (১৫) গতকাল বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবেশী কতিপয় বখাটে যুবক মেয়েটির মা বাড়িতে না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যায়। পাশের একটি নির্জন জায়গায় নিয়ে তাকে গণধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় স্কুলছাত্রীকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা রাতেই তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে ভর্তি করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
ভুক্তভোগী স্কুল ছাত্রীর খালা বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে আমার দুই ভাগ্নি ছিল। ওর মা ও অন্যরা বাড়িতে ছিল না। দুই ভাগ্নি দুই রুমে ছিল। রাত ১টার দিকে প্রতিবেশী এক যুবক জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দরজা খুলে দিলে আরও কয়েক যুবক ঘরে প্রবেশ করে। এরপর জোড়পূর্বক আমার ভাগ্নিকে তারা তুলে নিয়ে যায়। পরে তারা আমার ভাগ্নির ওপর নির্যাতন করে, যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা ভাগ্নিকে অসুস্থ্য অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আজ সকালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কয়েকজনকে আমার ভাগ্নি চিনেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হচ্ছে।’
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আল মামুন শাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি, এঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’