

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগ তদন্ত করছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দৈনিক বাংলা মোড় এলাকার রাজউক অ্যাভিনিউয়ে অবস্থিত ঢাকা সংবাদপত্র হকার্স সমবায় সমিতির কার্যালয়ে লুটপাট ও গুলির ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে। এসময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং অফিসে ভাঙচুর ও লুটপাট চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সময় কার্যালয়ের দায়িত্বরত দুই কর্মচারী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের লাঠিপেটা করা হয়। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনার অপর অভিযুক্তদের মধ্যে সিয়াম, সুমন, কাওসার ও জামানের নাম জানা গেছে।
বর্তমানে মতিঝিল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ বলেন, হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে কি না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, একপক্ষ দাবি করেছে গুলির ঘটনা ঘটেছে। হামলার নেতৃত্বে যার নাম শোনা যাচ্ছে, তিনিসহ কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।