শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম ‘র‍্যাপার প্রধানমন্ত্রী’ পেতে যাচ্ছে নেপাল, ৩৫ বছর বয়সী কে এই বালেন্দ্র শাহ?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম
বালেন্দ্র শাহ
expand
বালেন্দ্র শাহ

সাধারণ নির্বাচনের পর গণনা চলছে নেপালে। প্রাথমিক গণনায় অনেকটাই এগিয়ে রয়েছে জেন জিদের (তরুণ প্রজন্ম) পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। আর সেই দলের প্রধানই হলেন ৩৫ বছরের তরুণ নেতা বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন শাহ’ (Balen Shah) নামে বেশি পরিচিত। কাঠমান্ডুর প্রাক্তন এই মেয়র ঝাপা-৫ আসনেও এগিয়ে রয়েছেন।

একসময়ে জনপ্রিয় র‌্যাপ শিল্পী হিসেবে পরিচিত এই তরুণ এখন নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অন্যতম ফ্রন্টরানার। ফলে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে—বিশ্ব কি পেতে চলেছে প্রথম ‘র‌্যাপার প্রধানমন্ত্রী’?

নেপালের তরুণ প্রজন্মের কাছে বালেন শাহ এখন এক নতুন রাজনৈতিক প্রতীক। পুরানো রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে পরিবর্তনের দাবি থেকেই তার উত্থান। কাঠমান্ডুর মেয়র হিসেবে ৩ বছর কাজ করার পর তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন, এবং এবার সরাসরি প্রধানমন্ত্রীর দৌড়ে নেমে পড়েন।

কোথা থেকে উঠে এলেন বালেন্দ্র শাহ ১৯৯০ সালের ২৭ এপ্রিল কাঠমান্ডুর নারাদেবীতে জন্ম বালেন্দ্র শাহর। তার পরিবার মূলত মৈথিলি সম্প্রদায়ের। বাবা রাম নারায়ণ শাহ একজন আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। মহোত্তরী জেলা থেকে চাকরির সূত্রে পরিবারটি কাঠমান্ডুতে চলে আসে।

শিক্ষাজীবনেও বালেনের সাফল্য উল্লেখযোগ্য। কাঠমান্ডুর ভিএস নিকেতন স্কুলে থেকে পড়াশোনা শেষ করে তিনি হিমালয়ান হোয়াইটহাউজ ইন্টারন্যাশনাল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন। পরে কর্ণাটকের বিশ্বেশ্বরায়া টেকনোলজিকাল ইউনিভার্সিটি থেকে (VTU) থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নগর পরিকল্পনা ও পরিকাঠামো নিয়ে তাঁর এই শিক্ষাগত যোগ্যতা কাঠমান্ডুর মেয়র হিসেবে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বিশেষ ভূমিকা রেখেছিল বলে মনে করেন পর্যবেক্ষকরা।

র‌্যাপ মিউজিক থেকে রাজনীতি রাজনীতিতে আসার আগে বালেন শাহ ছিলেন নেপালের অন্যতম পরিচিত র‌্যাপ শিল্পী। ২০১৩ সালে জনপ্রিয় র‌্যাপ প্রতিযোগিতা Raw Barz জিতে প্রথম আলোচনায় আসেন তিনি। তার গানগুলোতে বারবার উঠে এসেছে দুর্নীতি, রাজনৈতিক স্থবিরতা এবং ক্ষমতার একচেটিয়াত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনা। তার জনপ্রিয় গান ‘Balidan’ (ত্যাগ) ইউটিউবে এক কোটিরও বেশি মানুষ দেখেছেন। সেই গানের একটি লাইনে তিনি বলেছিলেন—“আমাকে বলতে দিন সরকারকে, সত্য বলা অপরাধ নয়।” এই প্রতিবাদী সুরই তাঁকে তরুণদের কাছে জনপ্রিয় করে তোলে।

জেন জি রাজনীতির মুখ ২০২৬ সালের নির্বাচনে বালেন শাহকে অনেকেই নেপালের জেন জি রাজনীতির মুখ হিসেবে দেখেছেন। কয়েক মাস আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাপক তরুণ বিক্ষোভের জেরে প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হলে সেই সময় সোশ্যাল মিডিয়ায় বালেন লিখেছিলেন—“প্রিয় জেন জি, এখন তোমাদের প্রজন্মকেই দেশ নেতৃত্ব দিতে হবে।” গত ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন এবং দলের প্রধানমন্ত্রীর মুখ হন।

অর্থনীতি ও কর্মসংস্থান ইস্যু বালেন শাহর দল তাদের নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনৈতিক সংস্কার এবং কর্মসংস্থানকে। দলীয় ইশতেহারে বলা হয়েছে—দেশে ১২ লক্ষ নতুন চাকরি তৈরি হবে। বিদেশে কাজের জন্য নেপালিদের ব্যাপক অভিবাসন কমানো হবে। তরুণদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করা হবে।

প্রাথমিক ভোটগণনার প্রবণতা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে নেপালের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন দেখা যেতে পারে। একসময় র‌্যাপ গানের মাধ্যমে যে তরুণ রাজনীতিকে চ্যালেঞ্জ করেছিলেন, সেই বালেন শাহই হয়তো হবেন নেপালের নতুন প্রধানমন্ত্রী।

সূত্র: দ্য ওয়াল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন