বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনি নেই, ইঙ্গিত দিলেন নেতানিয়াহু 

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:৫৫ এএম আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আয়াতুল্লাহ আলী খামেনি
expand
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আয়াতুল্লাহ আলী খামেনি

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে নতুন দাবি তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, সাম্প্রতিক প্রাপ্ত তথ্য–উপাত্ত থেকে ধারণা করা যাচ্ছে, ইরানের ‘স্বৈরশাসক’ সম্ভবত আর জীবিত নেই। তবে সরাসরি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু এ মন্তব্য করেন। তাঁর দাবি, ইসরায়েল খামেনির বাসভবন ধ্বংস করেছে এবং ঘটনাপ্রবাহ থেকে বোঝা যাচ্ছে, ইরানের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন ঘটেছে। যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ বা বিস্তারিত তথ্য তিনি উপস্থাপন করেননি।

এদিকে খামেনির বর্তমান অবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আগেই বলেছিলেন, সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানোর অবস্থায় তিনি নেই।

ভাষণে নেতানিয়াহু ইরানের জনগণের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি শাসকগোষ্ঠীকে সরানোর এক বিরল সুযোগ। এক প্রজন্মে একবারই এমন সুযোগ আসে। ইরানিদের রাস্তায় নেমে বিক্ষোভ করার এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানে যে সামরিক অভিযান শুরু হয়েছে, তা শেষ করতে সময় ও ধৈর্যের প্রয়োজন। যত সময় লাগুক, অভিযান চলবে এবং শেষ পর্যন্ত তা স্থায়ী শান্তির পথ তৈরি করবে বলেও দাবি করেন তিনি।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের পক্ষ থেকে খামেনির মৃত্যুর বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা ও জল্পনা এখনো কাটেনি।

সূত্র: বিবিসি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup