বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বিবিসির 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আর্থিক সংকট ও দ্রুত বদলে যাওয়া গণমাধ্যম বাস্তবতার চাপ সামাল দিতে বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী দুই বছরে সর্বোচ্চ দুই হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সংস্থাটি।

বুধবার (১৫ এপ্রিল) সংস্থাটির সংবাদ সম্প্রচারে এ পরিকল্পনার কথা জানানো হয়।

বার্তা সংস্থা এএফসি বলছে, এটি প্রায় দেড় দশকের মধ্যে বিবিসির সবচেয়ে বড় কর্মীসংকোচন উদ্যোগ হতে যাচ্ছে।

বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রড্রি ট্যালফান ডেভিস কর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে বলেন, ‘আমাদের এখনো বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তবে আমরা ধারণা করছি, মোট চাকরির সংখ্যা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার পর্যন্ত কমে যেতে পারে।’

এএফপিকে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও জানান, সংস্থাটি বর্তমানে উল্লেখযোগ্য আর্থিক চাপে রয়েছে, যা দ্রুত মোকাবিলা করা প্রয়োজন। বিবিসির প্রায় ৫ বিলিয়ন পাউন্ড পরিচালন ব্যয় থেকে অন্তত ৫০০ মিলিয়ন পাউন্ড কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সাশ্রয়ের বড় অংশ ২০২৭-২৮ সালের মধ্যে অর্জন করতে চায় সংস্থাটি।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার এবং দর্শকদের মিডিয়া ব্যবহারের অভ্যাসে পরিবর্তনের ফলে বৈশ্বিক গণমাধ্যম পরিবেশ অস্থির হয়ে উঠেছে। এই পরিবর্তনের প্রভাব বিবিসির মতো বড় প্রতিষ্ঠানের ওপরও পড়ছে।

বিবিসির অর্থায়নের বড় উৎস হলো যুক্তরাজ্যের জনগণের দেওয়া লাইসেন্স ফি, যার মাধ্যমে তারা সংস্থাটির টেলিভিশন ও রেডিও সেবা উপভোগ করেন। তবে মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০১৭ সালের পর থেকে এই লাইসেন্স ফি থেকে তাদের প্রকৃত আয় প্রায় ২৪ শতাংশ কমে গেছে।

ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যয়ের চাপ সামাল দিতে ২০২৯ সালের মার্চের মধ্যে মোট খরচ আরও প্রায় ১০ শতাংশ কমাতে হবে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, এ ধরনের কঠিন সিদ্ধান্তের ফলে কনটেন্ট ও সেবার পরিধিতেও কাটছাঁটের প্রভাব পড়তে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন