

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় দেশের অন্তত ১০ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে জানানো হয়, আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেট জেলার কুশিয়ারা নদী তীরবর্তী কিছু এলাকায় চলমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিনও বাড়তে পারে। ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু নিম্নাঞ্চলে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীতীরবর্তী এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
গঙ্গা-পদ্মা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী পাঁচ দিন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে এফএফডব্লিউসি।
অন্যদিকে রংপুর ও রাজশাহী বিভাগের আত্রাই, মহানন্দা, করতোয়া, যমুনেশ্বরী, ঘাঘট ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আত্রাই নদীর নওগাঁ ও নাটোর জেলার কিছু এলাকায় পানি সতর্কসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
তবে তিস্তা ও দুধকুমার নদীর পানি কমলেও ধরলা নদীর পানি বেড়েছে। এতে গাইবান্ধা জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আগামী দুই দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে এবং পরে স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বশেষ পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।