

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নথি ও ইতিহাস থেকে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও অর্জন অপসারণের দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম তার পোস্টে লেখেন, ‘যে ক্রিকেটার প্রকাশ্যে একজন দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে পূজা করেন, ক্রিকেটের ইতিহাসে তার নাম থাকার কোনো অধিকার নেই। ইতিহাস থেকে সাকিবের নাম ও রেকর্ড মুছে ফেলা হলে আমাদের ক্রিকেট মোটেও নিঃস্ব হয়ে যাবে না।’
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী আমলের বর্ণশ্রেষ্ঠত্ববাদী শাসনের ইতিহাস ও বিশ্বখ্যাত ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, ‘ব্যারি রিচার্ডস, গ্রায়েম পোলক, পিটার পোলক, মাইক প্রোক্টর এবং এডি বার্লো সাকিবের চেয়ে অনেক বড় মাপের খেলোয়াড় ছিলেন। তাদের হাতে রক্ত লেগে ছিল না কিংবা তারা সাকিবের মতো দুর্নীতিগ্রস্তও ছিলেন না। তাদের একমাত্র ‘অপরাধ’ ছিল একটি বর্ণবাদী শাসনের অংশ হওয়া, যার কারণে বিশ্ব ক্রিকেট থেকে তাদের বাদ পড়তে হয়েছিল।’
তিনি আরও অভিযোগ করেন, হয়তো ভবিষ্যতে বিসিবি সভাপতি হওয়ার দূরভিসন্ধি নিয়ে সাকিব একজন ‘হিটলারকে’ পূজা করছেন এবং দেশে ফিরে একটি খুনি শাসনব্যবস্থাকে পুনর্বাসিত করার স্বপ্ন দেখছেন। সাকিবের প্রতি ক্ষোভ প্রকাশ করে
শফিকুল আলম লেখেন, জাতিসংঘের অনুসন্ধানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গণহত্যার অপরাধগুলো স্পষ্ট হলেও সাকিবের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। ক্রীড়াঙ্গনে কোনো মানবতাবিরোধী অপরাধের সহায়তাকারী বা ফ্যাসিবাদের চাটুকারদের স্থান থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
পোস্টের শেষাংশে তিনি ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, ওই ঘটনায় দণ্ডিত কয়েকজন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদের জন্য যেমন কোনো সহানুভূতি দেখানো হয়নি, তেমনি গণহত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সমর্থনকারীদের ক্ষেত্রেও ছাড় দেওয়া উচিত নয়।