শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৫৮ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০২:৩১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৫৮ জন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র। সামরিক কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত চার বছরের মধ্যে এক দিনে এটাই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

সামরিক সূত্র জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ইয়েমেনের মারিব প্রদেশের আল-রুওয়াইক এবং সৌদি আরব সীমান্তবর্তী হাদ্রামাউত প্রদেশের আল-আবর ও আল-ওয়াদিয়া এলাকার কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মারিবের একটি সামরিক ক্যাম্পে সেনাদের সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ৪৫ জন সেনা নিহত হন। অন্য হামলাগুলোতে আরও কয়েকজন সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

হুথি গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, সৌদি-সমর্থিত সামরিক বাহিনীর তৎপরতার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইয়েমেনের সরকারি বাহিনীর কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে। তিনি আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবর এলাকার সামরিক স্থাপনার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংগঠনটি প্রস্তুত রয়েছে বলে দাবি করেন।

এদিকে ইয়েমেনের সংঘাতের প্রভাব সীমান্ত পেরিয়ে সৌদি আরবেও পড়েছে। সৌদি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুথিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন