শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে মন্ত্রীর সভায় পিস্তল উদ্ধার: যুবক বলছে ‘আসল’, পুলিশের ভিন্ন দাবি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০১:২৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভায় এক যুবককে আটকের ঘটনাকে কেন্দ্র করে উদ্ধার হওয়া পিস্তল নিয়ে বিভ্রান্তিকর তথ্য সামনে এসেছে। আটক যুবকের দাবি, সেটি তার বাবার নামে লাইসেন্স করা বৈধ পিস্তল। তবে পুলিশের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, উদ্ধার হওয়া বস্তুটি একটি খেলনা পিস্তল।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম তানিম হোসেন। তিনি নাটোর পৌরসভার কানাইখালী এলাকার বাসিন্দা এবং প্রয়াত শামসুল আলমের ছেলে। শামসুল আলম জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম রিতা সেখানে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় তানিম হোসেনের সঙ্গে তার দুবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে তানিম হোসেন দাবি করেন, আত্মরক্ষার জন্য তিনি অস্ত্রটি বহন করছিলেন এবং সেটি তার বাবার নামে লাইসেন্স করা।

ঘটনার পরপরই নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান পিস্তলসহ এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে কয়েক ঘণ্টা পর পুলিশের বক্তব্যে পরিবর্তন আসে। অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা করে দেখা গেছে, সেটি প্রকৃত আগ্নেয়াস্ত্র নয়; বরং একটি খেলনা পিস্তল।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন