শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায় সরকার। বর্তমানে জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর একটি হোটেলে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী এ কথা বলেন।

পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল ও আতিথেয়তা—এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ খাতগুলোর সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সরকার কাজ করছে। সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে।

পর্যটন খাতের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে আফরোজা খানম বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়।

দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতের অংশীজনদের সমন্বিতভাবে এগিয়ে এসে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে সব সময় প্রস্তুত।

আফরোজা খানম বলেন, বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার পর্যটন খাতের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

পর্যটন খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন পর্যটনমন্ত্রী।

অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতারা, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন