

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ। আগামী মৌসুমের জন্য দল গঠনের কাজে তোড়জোড় শুরু করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রধান লক্ষ্য এখনও আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। তবে তাকে দলে ভেড়ানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে রাজি নয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আলভারেজকে দলে টানার জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বার্সেলোনা। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে বিকল্প স্ট্রাইকারের দিকে ঝুঁকবে ক্লাবটি।
অন্যদিকে, আলভারেজকে ছাড়ার বিষয়ে নিজেদের অবস্থান থেকে একচুলও সরছে না আতলেতিকো মাদ্রিদ। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মারিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড বিক্রির জন্য নন। এমনকি ১০০, ১৫০ বা ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও সিদ্ধান্ত বদলাবে না ক্লাবটি।
এ অবস্থায় বার্সেলোনা মনে করছে, আলভারেজ নিজে ক্লাব ছাড়ার বিষয়ে আরও দৃঢ় অবস্থান নিলেই কেবল আলোচনার সুযোগ তৈরি হতে পারে। যদিও সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন, দলবদল সবার জন্যই ভালো হতে পারে, তবে আগের তুলনায় তার বক্তব্য এখন অনেকটাই সংযত।
বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাও পরিষ্কার করে দিয়েছেন, ক্লাবের প্রস্তাবের সীমা আছে। তাই জুলাইয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করেই সিদ্ধান্ত নিতে চায় তারা। এরপর আর এই দলবদল নিয়ে সময় নষ্ট করবে না ক্লাবটি।
আলভারেজকে পাওয়া না গেলে বিকল্প স্ট্রাইকার খুঁজবেন দলের কোচ হানসি ফ্লিক। সম্ভাব্য তালিকায় রয়েছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি ও স্লোভেনিয়ান স্ট্রাইকার বেঞ্জামিন সেসকো।
নতুন কাউকে দলে আনা সম্ভব না হলে বর্তমান স্কোয়াড থেকেই সমাধান খুঁজবে বার্সেলোনা। সে ক্ষেত্রে দানি ওলমোকে ফলস নাইন হিসেবে ব্যবহার করা হতে পারে। প্রয়োজনে ফেরান তোরেসও ওই ভূমিকায় খেলতে পারেন।
এ ছাড়া ভবিষ্যতে লামিনে ইয়ামালকে কেন্দ্রীয় আক্রমণভাগে খেলানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। বার্সেলোনার ধারণা, লিওনেল মেসির মতো ইয়ামালও সময়ের সঙ্গে সঙ্গে উইং ছেড়ে মাঝমাঠ-ঘেঁষা আক্রমণভাগে আরও কার্যকর হয়ে উঠতে পারেন।
তবে সব পরিকল্পনার আগে বার্সেলোনার একটাই লক্ষ্য—জুলাই শেষ হওয়ার আগেই আলভারেজকে ন্যু ক্যাম্পে নিয়ে আসা।