মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তাল নয়াদিল্লি, রাজপথ না ছাড়ার ঘোষণা ককরোচ পার্টির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:০৭ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে নেমেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

পার্লামেন্ট অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে সোমবার দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।

সোমবার সকালে পার্লামেন্টের দিকে পদযাত্রা শুরু করলে বিক্ষোভকারীদের আটকে দিতে বিভিন্ন স্থানে ব্যারিকেড দেয় দিল্লি পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

তবে দিল্লি পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। অন্যদিকে আন্দোলনের আয়োজকদের দাবি, পুলিশি বাধা উপেক্ষা করে প্রায় এক লাখ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

পরে সিজেপির প্রতিনিধিদল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে দলটির নেতারা জানান, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, আমাদের দাবি হলো-সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি দিতে হবে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন স্থানে ছাত্রসংগঠনগুলোও সিজেপির কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে।

এদিকে আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, শিক্ষার্থীদের ন্যায্য দাবির পরিবর্তে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশ্নফাঁসের ঘটনার জেরে অন্তত ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বিশ্লেষকদের মতে, উচ্চ বেকারত্ব, নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং বারবার প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষুব্ধ তরুণদের অংশগ্রহণেই আন্দোলনটি আরও বিস্তৃত হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন