মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:০৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন চূর্ণ হয়েছে আর্জেন্টিনার। তবে হতাশার মধ্যেও স্পেনে জন্ম নেওয়া আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ প্রতিশ্রুতি দিয়েছেন, আবারও বিশ্বকাপের সোনালি ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব উজাড় করে দেবেন তিনি।

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন আর্জেন্টিনার মিডফিল্ডার। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার সুযোগ না পেলেও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্তে নিজের অটল অবস্থানের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন এভাবে, ‘বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব উজাড় করে দেবো।’

ইতালিয়ান ক্লাব কোমোর এই মিডফিল্ডারের জন্ম স্পেনের তেনেরিফেতে। তার বাবা পাবলো পাজও ছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার এবং ১৯৯৮ বিশ্বকাপের দলে খেলেছিলেন। ফাইনালে হারের পর যখন আর্জেন্টিনা দলের সদস্যরা কোনও মন্তব্য না করে নীরবে মেটলাইফ স্টেডিয়াম ছেড়ে যান, তখনই ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন নিকো।

দলের একটি ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আগের যেকোনও সময়ের চেয়ে বেশি গর্বিত এই দেশ, এই দলকে প্রতিনিধিত্ব করতে পেরে এবং এমন একদল অসাধারণ মানুষের অংশ হতে পেরে, যারা এই জার্সির জন্য নিজেদের সব কিছু উজাড় করে দেয়। আমি শুধু ধন্যবাদ বলতে চাই।’

এই বিশ্বকাপে আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন এই মিডফিল্ডার। সমর্থকদের উদ্দেশে আশাবাদী বার্তাও দিয়েছেন তিনি, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই কাপ আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব দিয়ে লড়বো।’

একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে আরও লিখেছেন, ‘স্পেন এবং সব স্প্যানিশকে অভিনন্দন। ভালো কিংবা খারাপ—সব সময় আর্জেন্টিনার সঙ্গেই আছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন