মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
জামায়াতে নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
expand
জামায়াতে নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর একাধিক অংশে দেখা যায়, একটি কক্ষে তরুণীসহ অবস্থান করছেন এমপি গাজী নজরুল ইসলাম।

কোনোটিতে তাকে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে, আবার কোনোটিতে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বসে থাকতে দেখা গেছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল থেকে পরিচালিত 'ক্রাইম বার্তা'র পক্ষ থেকে দাবি করা হয়, ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা একটি ভুয়া ভিডিও।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান 'বেঙ্গল লেন্স' তাদের অনুসন্ধানে জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি বা এডিটেড নয়, এটি আসল।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে ধারণকৃত স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষযয়ে এমপি গাজী নজরুল ইসলামের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ঘটনার বিষয়ে কথা বলেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি উনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ পেল, সেটি আমরা খতিয়ে দেখছি।

কবে নাগাদ এই বিয়ে হয়েছে? এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা জানান, তিনি বিয়ের সঠিক তারিখ নিশ্চিত বলতে পারছেন না, তবে তা 'বেশ কিছুদিন আগে' সম্পন্ন হয়েছে বলে তারা জেনেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন