রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচের আগে এক মিনিট নীরবতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:০৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কিছুদিন আগেও দক্ষিণ আফ্রিকার জার্সিতে বিশ্বকাপের মঞ্চে লড়েছিলেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই জেইডেন অ্যাডামস আর নেই। মাত্র ২৫ বছর বয়সে এই দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডারের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে বিশ্ব ফুটবলে।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এর আগে নরওয়ে ও ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালের আগেও খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাসহ উপস্থিত দর্শকেরা একইভাবে নীরবতা পালন করেন।

শনিবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে গুজব বা অনুমাননির্ভর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও করেন তিনি।

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তিনটি গ্রুপ ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। মেক্সিকো ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়সূচক ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। সেই জয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে বাফানা বাফানা। পরে শেষ ষোলোতে কানাডার কাছে হেরে বিদায় নেয় দলটি।

বিশ্বকাপ চলাকালেই ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে যেতে হয়েছিল অ্যাডামসকে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের মাত্র এক দিন আগে মারা যান তার দাদি। এরপরও দেশের হয়ে মাঠে নামেন তিনি। যদিও বিরতির সময় তাকে বদলি করে তুলে নেন কোচ।

ক্লাব ফুটবলে অ্যাডামস খেলতেন মামেলোদি সানডাউনসের হয়ে। ২০২৫ সালের জানুয়ারিতে স্টেলেনবশ ছেড়ে সানডাউনসে যোগ দেওয়ার পর ২০২৫-২৬ মৌসুমে দলটির আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩টি আন্তর্জাতিক ম্যাচে দুটি গোলও করেছিলেন তিনি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অ্যাডামসের পরিবার, বন্ধু এবং সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কোয়ার্টার ফাইনালের আগে এক মিনিটের নীরবতায় তাই স্মরণ করা হবে শুধু একজন ফুটবলারকে নয়, অকালেই থেমে যাওয়া একটি সম্ভাবনাময় ক্যারিয়ারকেও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Switzerland
105'
1 - 1
10' Alexis Mac Allister
67' Dan Ndoye
World Cup