শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনিশ্চয়তায় ইংল্যান্ড–নরওয়ে ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আগে আলোচনায় এসেছে মায়ামির আবহাওয়া। ম্যাচের সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তীব্র গরমের সতর্কতাও জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ।

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর সময়ের পর বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ। একই সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

এ পরিস্থিতিতে স্থানীয় সময় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মায়ামি গার্ডেনস এলাকায় তাপ সতর্কতা জারি রয়েছে। দর্শকদের পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং দীর্ঘ সময় খোলা রোদে অবস্থান না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

বজ্রপাত হলে ম্যাচের সূচিও প্রভাবিত হতে পারে। বিশ্বকাপের নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। এরপর অন্তত ৩০ মিনিট বজ্রপাত না হলে ম্যাচ পুনরায় শুরু করা যাবে। তবে এই সময়ের মধ্যে আবার বজ্রপাত হলে অপেক্ষার সময় নতুন করে গণনা শুরু হবে।

এখন পর্যন্ত ম্যাচের সময় পরিবর্তন বা স্থগিত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে শেষ মুহূর্তের আবহাওয়া পরিস্থিতির ওপরই নির্ভর করছে নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কি না ইংল্যান্ড–নরওয়ের কোয়ার্টার ফাইনাল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup