

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে খেলার আনন্দের কয়েক সপ্তাহ পরই এল দুঃসংবাদ। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি গ্রুপ ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। দলটি নকআউট পর্বে উঠলেও শেষ ৩২-এর ম্যাচে সহ-আয়োজক কানাডার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
অ্যাডামসের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গন। দেশটির ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে বলেন, দক্ষিণ আফ্রিকা তার অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারকে হারিয়েছে।
তিনি বলেন, ‘জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর গভীর দুঃখ ও বিস্ময়ের। তাঁর পরিবার, সতীর্থ এবং সমর্থকদের সঙ্গে পুরো দেশ আজ শোকাহত।’
দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কেপ টাউনের স্কটসচেকলুফ এলাকার একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ না করলেও দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মৃত ব্যক্তি অ্যাডামস।
তবে তার মৃত্যুর কারণ নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ম্যাকেঞ্জি সবাইকে অনুমাননির্ভর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তাই পরিবার ও ক্লাবকে এই কঠিন সময়ে প্রয়োজনীয় ব্যক্তিগত পরিসর দেওয়ার অনুরোধ জানান তিনি। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
২০২২ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেক হয়েছিল জেইডেন অ্যাডামসের। অল্প সময়ের মধ্যেই তিনি দলের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

