রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার ছুরিকাঘাতে রেল কর্মকর্তা নিহত, বাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০১:৫৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর টিভি গেট এলাকায় ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বিউটি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিহত ও আটক নারীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং দুজনই বিবাহিত।

শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে বনানী থানার আওতাধীন মহাখালী টিভি গেট এলাকার একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

বাড়ির মালিক জানান, দুপুরে তৃতীয় তলা থেকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি মামুনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মামুনের চাচা। তিনি জানান, মামুনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। চলতি মাসের ১ জুলাই মামুন বাংলাদেশ রেলওয়েতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেছিলেন। মামুনের স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা এবং গ্রামের বাড়িতেই অবস্থান করছেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হাসান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিউটি আক্তারকে আটক করা হয়। তার শ্বশুরবাড়িও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।

পুলিশ জানায়, মামুন ও বিউটির মধ্যে আগে থেকেই পরিচয় এবং ব্যক্তিগত সম্পর্ক ছিল। ঘটনার দিন দুজনের মধ্যে বিরোধের একপর্যায়ে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনকে আঘাত করেন।

পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS England
45'+5'
1 - 1
36' Andreas Schjelderup
45'+2' Jude Bellingham
World Cup