শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরওয়ের আজ ‘ইংলিশ’ পরীক্ষা, দু’দলের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ (শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায়) মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই লড়াইকে শেষ আটের সবচেয়ে জমজমাট ম্যাচগুলোর একটি মনে করা হচ্ছে। কাগজে-কলমে কিছুটা এগিয়ে ইংল্যান্ড, তবে নরওয়ের বর্তমান ফর্ম ম্যাচটিকে করেছে আরও অনিশ্চিত।

কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে ইংল্যান্ডকে পাড়ি দিতে হয়েছে বেশ কঠিন পথ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারিয়ে দারুণ শুরু করেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্রয়ে কিছুটা ছন্দ হারায় দলটি। শেষ ম্যাচে পানামাকে ২–০ গোলে হারিয়ে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে ওঠে থমাস টুখেলের দল।

নকআউট পর্বেও সহজ ছিল না পথচলা। শেষ ৩২-এর ম্যাচে কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও হ্যারি কেইনের শেষ মুহূর্তের গোলে ২–১ ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। এরপর শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে আরও কঠিন পরীক্ষায় পড়তে হয়। জ্যারেল কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরও ১০ জনের দল নিয়ে ৩–২ গোলের জয় নিশ্চিত করে তারা।

এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ। নরওয়ের আক্রমণের নেতৃত্বে আছেন দুর্দান্ত ছন্দে থাকা আর্লিং হালান্ড, যিনি এবারের বিশ্বকাপে ইতোমধ্যে সাত গোল করেছেন।

সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড: জর্ডান পিকফোর্ড; রিস জেমস, এজরি কনসা, মার্ক গেহি, নিকো ও’রেইলি; এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস; বুকায়ো সাকা, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন; হ্যারি কেইন।

নরওয়ে: ওরিয়ান নিয়ল্যান্ড; জুলিয়ান রাইয়ারসন, ক্রিস্টোফার আয়ের, টরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফে; সান্ডার বের্গে, প্যাট্রিক বের্গ, মার্টিন ওডেগার্ড; আলেকজান্ডার সোরলথ, আন্তোনিও নুসা, আর্লিং হালান্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup