বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:১৬ এএম আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দারুণ এক সুখবর পেয়েছে সুইজারল্যান্ড।

হাঁটুর চোটের কারণে শেষ ষোলোর ম্যাচে খেলতে না পারা দলের তারকা ফরোয়ার্ড জোহান মানজাম্বি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার খেলার সম্ভাবনা জোরালো হয়েছে।

কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে অনুশীলনে হাঁটুতে চোট পান মানজাম্বি। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও এখনই তাকে মাঠে নামানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন জানিয়েছেন, কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না।

তিনি বলেন, চিকিৎসকদের মতে যদি খেলা নিরাপদ হয়, তবেই তাকে মাঠে নামানো হবে।

সাম্প্রতিক অনুশীলনে হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে মানজাম্বিকে দেখা গেছে। সতীর্থদের সঙ্গে পুরোপুরি অনুশীলনে অংশ না নিলেও ধীরে ধীরে ফিটনেস ফিরে পাওয়ায় আশাবাদী সুইস শিবির।

তবে শেষ পর্যন্ত মানজাম্বি খেলতে না পারলে তার জায়গায় জিব্রিল সোকে একাদশে দেখা যেতে পারে। শেষ ষোলোর ম্যাচে মানজাম্বির অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন আর্দন ইয়াশারি। তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় প্রথমার্ধের পরই তাকে তুলে নেন ইয়াকিন।

চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের সবচেয়ে কার্যকর আক্রমণভাগের খেলোয়াড়দের একজন মানজাম্বি। এখন পর্যন্ত তিনটি গোল করেছেন তিনি= েবসনিয়ার বিপক্ষে দুটি এবং কানাডার বিপক্ষে একটি। পাশাপাশি কানাডা ও আলজেরিয়ার বিপক্ষে একটি করে দুটি অ্যাসিস্টও রয়েছে তার ঝুলিতে।

বিশ্বকাপের শুরুতে নিয়মিত একাদশে না থাকলেও গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ থেকে নিজের জায়গা পাকা করে নেন এই তরুণ ফরোয়ার্ড। ধারাবাহিক পারফরম্যান্সে দলের আক্রমণের অন্যতম ভরসায় পরিণত হলেও চোটের কারণে ছিটকে পড়েন শেষ ষোলোর ম্যাচ থেকে।

এখন আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে তার সম্ভাব্য প্রত্যাবর্তন সুইজারল্যান্ডের জন্য বড় প্রেরণা হয়ে উঠেছে। মানজাম্বি মাঠে ফিরতে পারলে লিওনেল স্কালোনির দলের বিপক্ষে সুইসদের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন