সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির দলে খেলবেন কেপ ভার্দের ভোজিনহা!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ এএম
এনপিবি কোলাজ।
expand
এনপিবি কোলাজ।

২০২৬ বিশ্বকাপের সবচেয়ে চমকপ্রদ গল্পের পাতায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়। কেপ ভার্দের জার্সিতে চলতি বিশ্বকাপে বাজিমাত করা গোলরক্ষক ভোজিনহা এবার পাড়ি জমাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এবং পর্তুগালের ‘রেকর্ড’ এর খবর অনুযায়ী, ৪০ বছর বয়সী এই ফ্রি এজেন্ট ফুটবলারের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।

পর্তুগিজ ক্লাব চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ভোজিনহা বর্তমানে কোনো ক্লাবে নেই।

সবকিছু ঠিকঠাক থাকলে, বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে যার বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছিলেন, সেই লিওনেল মেসির সঙ্গেই এবার ড্রেসিংরুম শেয়ার করবেন ভোজিনহা।

চলতি বিশ্বকাপ যেন এক নিমেষেই বদলে দিয়েছে জোসিমার জোসে এভোরা দিয়াসের (ভোজিনহা) ক্যারিয়ার। কেপ ভার্দের অধিনায়ক ও দলের অন্যতম ভরসা ভোজিনহার হাত ধরেই আফ্রিকার দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয়। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে তাক লাগিয়ে দেয় কেপ ভার্দে, যার নেপথ্য নায়ক ছিলেন এই গোলরক্ষক। বিশেষ করে স্পেনের বিপক্ষে ম্যাচটিতে একাই সাতটি দারুণ সেভ করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি, ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এরপর শেষ বত্রিশের লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিলেও, পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন ভোজিনহা। লিওনেল মেসি ও তার দলের একের পর এক আক্রমণ রুখে দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কেপ ভার্দেকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তিনি। ম্যাচ শেষে আন্তর্জাতিক গণমাধ্যমেও দারুণ প্রশংসা কুড়ান এই অভিজ্ঞ তারকা।

চলতি বিশ্বকাপের অন্যতম সেরা আবিষ্কার ধরা হচ্ছে এই চল্লিশোর্ধ গোলরক্ষককে। আর সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ হওয়ার অপেক্ষায় ভোজিনহা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন