সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

লোহাগাড়ায় ভবন ও দোকান দখলের হুমকি দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন, তার ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) পশ্চিম কলাউজানের বাসিন্দা আমির হোসেন চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বাদী দাবি করেন, লোহাগাড়ার আজিজ কমপ্লেক্সে তার মালিকানাধীন চারতলা ভবন রয়েছে। ভবনের নিচতলায় একটি আলমারির দোকানসহ বিভিন্ন অংশ ভাড়া দেওয়া। আরমান ও আরিফ উদ্দিনসহ অভিযুক্তরা ওই সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভবন ও দোকান দখলের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মামলার নথি অনুযায়ী, গত ৩ এপ্রিল গভীর রাতে একটি ভাড়াটিয়া দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের আলমারি ও শোকেসসহ প্রায় ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকার মালামাল এবং ক্যাশ টেবিলে থাকা ১ লাখ ২০ হাজার টাকা রয়েছে বলে বাদী দাবি করেছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ আগস্ট সকালে বিষয়টি নিয়ে বৈঠকের সময় আবারও ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে দোকান ও ঘরের দখল ছাড়বেন না বলে হুমকি দেওয়ার পাশাপাশি বাদীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

মামলায় আরমান উদ্দিন ও আরিফ উদ্দিন ছাড়াও শওকত আলী (৪২), আদিল (৩২), আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন (৩৩)-কে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদনান কবির জিলান বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। তবে আদালতের কোনো নির্দেশনা এখনো অফিসিয়ালি পাননি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আরমান উদ্দিন। তিনি বলেন, মামলায় উল্লেখ করা ঘটনার সময়ের অনেক আগেই তিনি ও তার ভাই আরিফ সৌদি আরবে ছিলেন। বাদীকে তিনি ফোন করেছেন—এমন তথ্যও কেউ দিতে পারবেন না। বাদীকে ব্যক্তিগতভাবে চেনেন না বলেও দাবি করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন