সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ঈদে মিলাদুন্নবী (সা.)

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক আদেশে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানকে এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করতে হবে। একই সঙ্গে ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

এ ছাড়া মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন তদারকি করবেন জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা।

এর আগে রোববার (২৩ আগস্ট) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে ওই নির্দেশনা জারি করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন