রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারি আর্জেন্টিনার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার (৯ জুলাই) বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করলেও মাঠে বল গড়ানোর আগেই আলোচনায় এসেছে ফিফার রেফারি নিয়োগ।

ফিফার ঘোষিত ম্যাচ অফিশিয়ালদের তালিকা অনুযায়ী, এই ম্যাচের পাঁচ সদস্যের পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার। চলতি বিশ্বকাপে এবারই প্রথম কোনো ম্যাচে একই দেশের রেফারিদের নিয়ে সম্পূর্ণ প্যানেল গঠন করা হয়েছে।

মূল রেফারির দায়িত্বে থাকবেন ফাকুন্দো তেলো। তার সহকারী হিসেবে থাকছেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

মঙ্গলবার ফিফা এই তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ফরাসি সমর্থকদের একাংশ প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপের নকআউট পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একই দেশের পুরো রেফারি প্যানেল দায়িত্ব পাওয়ায় নিরপেক্ষতা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কের সুযোগ তৈরি হয়েছে।

এই আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচের প্রসঙ্গও। মিসরের বিপক্ষে সেই ম্যাচে মূল রেফারি ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ম্যাচের আগে রেফারি নিয়োগ নিয়ে আর্জেন্টিনার কিছু সমর্থক ও গণমাধ্যমেও প্রশ্ন উঠেছিল। তবে সে ম্যাচে চতুর্থ কর্মকর্তা ও রিজার্ভ সহকারী রেফারি ছিলেন অন্য দেশের।

২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের পর থেকে ফ্রান্স ও আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে। চলতি আসরের সূচি অনুযায়ী, দুটি দল পরবর্তী ধাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এমন প্রেক্ষাপটে ফ্রান্সের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে আর্জেন্টিনার পুরো রেফারি প্যানেল নিয়োগ নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে।

তবে এ বিষয়ে ফিফা কোনো বিশেষ ব্যাখ্যা দেয়নি। সংস্থাটি কেবল ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। মাঠের লড়াই শুরুর আগেই তাই রেফারি নিয়োগের বিষয়টি ফুটবল অঙ্গনে অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup